১১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৪০ পিএম

বিসএমএমইউর বহির্বিভাগে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েনমেন্ট

বিসএমএমইউর বহির্বিভাগে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েনমেন্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হতে যাচ্ছে রোগীদের অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা। বহির্বিভাগে আগত রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১ মার্চ থেকে চালু হচ্ছে এ কার্যক্রম। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ ঘোষণা দিয়েছেন।

বিএসএমএমইউর এ ব্লক অডিটোরিয়ামে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম পরিচালনার বিষয়ে বহির্বিভাগ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বহির্বিভাগই চিকিৎসাসেবার সবচেয়ে বড় স্থান। রোগীদের সেবার মান উন্নত, আগত রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম বেগবান করতে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদানের সাথে একাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে। এটি চালু হলে রোগীদের ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে।’

ভিসি বলেন, ‘বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পুরোপুরি অটোমেশন করা সম্ভব হলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার তথ্যসহ চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রয়োজন মতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন। একই সাথে সংগৃহীত ডাটা নিত্যনতুন গবেষণার দ্বার উম্মোচন করবে।’

অধ্যাপক শাহিনুল আলম আরো বলেন, ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্টে আসা রোগীদের যেন প্রয়োজনীয় সময় চিকিৎসকরা দেন, তা নিশ্চিত করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদের রোগীকে স্পর্শ না করেই কোনোমতে দেখে রোগীকে দ্রুত বিদায় করে দেওয়ার যে মানসিকতা গড়ে উঠছে, সেক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। ফলে রোগীকে  যথাযথ সময় দেওয়ার মানসিকতা তৈরি হবে এবং এটা চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীর সস্তুষ্টিতে বিরাট ভূমিকা রাখবে।’

এ সময় বহির্বিভাগে আসা রোগীদের প্রেসক্রিপশনে আনরেজিস্ট্রার্ড যে কোনো ধরণের প্রোডাক্ট লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ  ঘোষণা করেন ভিসি।

প্রসঙ্গত, বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব, অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকেট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আগত রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে।

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেল (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেল (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, আইটি সেলের ইন চার্জ অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম এনালিস্ট মো. মারুফ হোসেন প্রমুখ।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত