স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: শুধু অবকাঠামো নির্মাণ করলেই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায় থেকে শুরু করে বিশেষায়িত প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, একটি স্বাস্থ্যব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগরি নেতৃত্বের জায়গায় থাকেন চিকিৎসকেরা। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্যারামেডিকেল কর্মীরাও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে কারিগরি নেতৃত্ব চিকিৎসকদেরই দিতে হয়।
স্বাস্থ্য খাতে বিপুল বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার এই অর্থের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। দেশের স্বাস্থ্যব্যবস্থায় এমন পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মের তুলনায় আরও উন্নত চিকিৎসাসেবা পায়।
তিনি বলেন, ‘আমরা যে চিকিৎসাগুলো পেয়েছি, আমাদের সন্তানরা যেন তার চেয়ে বেশি ভালো চিকিৎসা পায়। আমাদের সামগ্রিক স্বাস্থ্যের যে অবস্থা, পরবর্তী প্রজন্ম যেন তার চেয়ে ভালো অবস্থায় থাকে। আমাদের দিক থেকে এবং চিকিৎসকদের দিক থেকে যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলো কাটিয়ে উঠতে হবে।’
দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসক পদায়নের বৈষম্য ও উপজেলা পর্যায়ে চিকিৎসকসংকটের বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে উপজেলা হাসপাতালগুলোতে প্রায় অর্ধেক চিকিৎসকের পদ শূন্য রয়েছে। অন্যদিকে ঢাকার কয়েকটি বড় প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে অনেক বেশি চিকিৎসক পদায়ন করা হয়েছে।
এ পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা আরও বাড়াতে হবে। মানুষের কাছে চিকিৎসকেরা যে সম্মানের জায়গায় রয়েছেন, সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা বিবেচনায় নিয়ে চিকিৎসক পদায়নের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে চান তাঁরা। এ জন্য একটি সহযোগিতামূলক উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পর্যায়ের পেশাজীবীদের সহযোগিতা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।
টিআই/