ঢাকার ৩০ স্থানের বর্জ্যের ধোঁয়ায় মিলল ক্ষতিকর ভারী ধাতু: গবেষণা
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বিভিন্ন স্থানে বর্জ্য পোড়ানোর ফলে বাতাসে ছড়াচ্ছে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও নিকেলের মতো ক্ষতিকর ভারী ধাতু। এসব ধাতুর মধ্যে সিসা ও ক্যাডমিয়ামের কারণে দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। ঢাকা শহরের ৩০টি স্থান থেকে সংগৃহীত বর্জ্য পরীক্ষা করে এমন তথ্য পেয়েছেন একদল গবেষক।
সম্প্রতি ‘অ্যাসেসমেন্ট অব হেভি মেটালস অ্যান্ড লেভোগ্লুকোসান এমিশনস ফ্রম মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বার্নিং ইন ঢাকা অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন হিউম্যান হেলথ’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটিতে প্রকাশিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা যুক্ত ছিলেন।
গবেষণায় আবাসিক এলাকা, বাজার, সড়কের পাশ, চিকিৎসাপ্রতিষ্ঠান ও বর্জ্য ফেলার স্থানসহ ঢাকার ৩০টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি নমুনার ৫০০ গ্রাম বিশেষভাবে তৈরি ইস্পাতের চেম্বারে পুড়িয়ে ধোঁয়া ফিল্টারে সংগ্রহ করা হয়। পরে ফিল্টার পরীক্ষা করে ধোঁয়ায় থাকা বিভিন্ন দূষকের পরিমাণ নির্ণয় করেন গবেষকেরা।
গবেষণায় বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় প্রতি ঘনমিটারে সিসার গড় ঘনত্ব পাওয়া গেছে ২৮ দশমিক ৩৬ মাইক্রোগ্রাম। ক্যাডমিয়ামের গড় ঘনত্ব ১২ দশমিক ২৩, ক্রোমিয়ামের ২৬ দশমিক ৯৬ এবং নিকেলের ১০ দশমিক ৭৫ মাইক্রোগ্রাম। তবে বর্জ্যের ধরন ও পোড়ানোর পদ্ধতির ভিন্নতার কারণে স্থানভেদে এসব ধাতুর ঘনত্বে পার্থক্য দেখা গেছে।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম। তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ ও এর উৎস নিয়ে নানা গবেষণা হলেও বর্জ্য পোড়ানোর ধোঁয়া থেকে কী পরিমাণ দূষণ ছড়ায়, তা নিয়ে এ ধরনের গবেষণা সম্ভবত প্রথম। গবেষণায় পাওয়া চিত্র উদ্বেগজনক। এ ধোঁয়ার দূষণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
এদিকে, গবেষকেরা ভারী ধাতুগুলোর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) স্বীকৃত গাণিতিক মডেল ব্যবহার করেছেন। এতে ক্যানসারের ঝুঁকি (সিআর) এবং ক্যানসারবহির্ভূত স্বাস্থ্যঝুঁকি (এইচআই) হিসাব করা হয়।
গবেষণায় বলা হয়েছে, ইপিএর হিসাবে ক্যানসারের ঝুঁকির সূচক ১০ লাখে এক থেকে ১০ হাজারে এক পর্যন্ত থাকলে তা সাধারণত গ্রহণযোগ্য ঝুঁকির পরিসর হিসেবে বিবেচিত হয়। গবেষকদের হিসাব অনুযায়ী, সিসা ও ক্যাডমিয়ামের ক্ষেত্রে ঝুঁকির সূচক এ সীমা ছাড়িয়েছে। অন্যদিকে ক্রোমিয়াম ও নিকেলের ক্ষেত্রে তা নির্ধারিত সীমার মধ্যে অথবা নিচে ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক শিমুল হালদার বলেন, গবেষণায় লেভোগ্লুকোসানের উপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। কাঠ, খড় ও অন্যান্য উদ্ভিজ্জ জৈব পদার্থ পোড়ানোর সময় সেলুলোজের তাপীয় ভাঙনে এ রাসায়নিক যৌগ তৈরি হয়। ধোঁয়ার অতিক্ষুদ্র কণা ফুসফুসে প্রবেশ করে আটকে যেতে পারে। এতে ফুসফুসে স্থায়ী সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে গবেষণাটি পরীক্ষাগারে চেম্বারে বর্জ্য পুড়িয়ে নির্গত ধোঁয়া বিশ্লেষণের মাধ্যমে করা হয়েছে। মানুষের প্রকৃত স্বাস্থ্যঝুঁকি নির্ভর করবে দূষণের মাত্রা, বর্জ্য পোড়ানোর স্থান থেকে দূরত্ব, বাতাসের গতি এবং কতক্ষণ ধোঁয়ার সংস্পর্শে থাকতে হচ্ছে—এসব বিষয়ের ওপর।
গবেষণায় পুরান ঢাকার আরমানিটোলায় আর্সেনিক ও ক্রোমিয়ামের সর্বোচ্চ ঘনত্ব পাওয়া গেছে। গবেষকদের ধারণা, ই-বর্জ্য, চামড়াজাত বর্জ্য, টায়ারের টুকরা এবং ক্রোমিয়াম দিয়ে প্রক্রিয়াজাত সামগ্রী পোড়ানোর কারণে সেখানে এসব ধাতুর উপস্থিতি বেশি হতে পারে।
অন্যদিকে আজিমপুর ও মহাখালীর নমুনায় সিসার ঘনত্ব তুলনামূলক বেশি পাওয়া গেছে। সিসা-অ্যাসিড ব্যাটারির বর্জ্য ও প্লাস্টিকসমৃদ্ধ বর্জ্য পোড়ানোর কারণে এমনটি হতে পারে বলে ধারণা গবেষকদের। ক্যাডমিয়ামের বেশি ঘনত্ব পাওয়া গেছে নিউ ইস্কাটন রোডের নমুনায়। সেখানে প্লাস্টিক, রং তৈরির উপাদান ও কয়লার ছাইযুক্ত বর্জ্য থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা।
গবেষণায় নিকেলের ঘনত্ব প্রতি ঘনমিটারে ২ দশমিক ৪৪ থেকে ৬৩ দশমিক ৬৭ মাইক্রোগ্রামের মধ্যে পাওয়া গেছে। তবে এর সর্বোচ্চ ঘনত্ব কোন এলাকায় ছিল, তা গবেষণাপত্রে উল্লেখ করা হয়নি।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণে বর্জ্যের ধোঁয়ার অবদান ১১ শতাংশ। তবে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আব্দুল মোতালিব মনে করেন, বাস্তবে এ অবদান আরও বেশি হতে পারে।
তিনি বলেন, ঢাকার বায়ুদূষণের অন্যতম বড় উৎস স্থানীয় বর্জ্য। কিন্তু এসব বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা নেই। বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদিত হলেও সেগুলো ব্যবস্থাপনার পরিবর্তে পুড়িয়ে ফেলা হচ্ছে। ফলে দূষণ সৃষ্টি হচ্ছে।
বর্জ্য পোড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ব্যক্তি পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়—সব জায়গাতেই বর্জ্য পোড়ানো হয়। ব্যক্তি পর্যায়ে অধিদপ্তরের দল যাওয়ার আগেই অনেক সময় আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ম ভঙ্গকারীদের জরিমানা করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এ সমস্যা নিয়ন্ত্রণ কঠিন।
এমআই/