কপ-৩১ সম্মেলন
উপকূলের লবণাক্ততা মোকাবিলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান আইসিডিডিআর,বির
মেডিভয়েস রিপোর্ট: উপকূলের মানুষের পানির পাত্রে কতটা লবণ, সেই পানিই বা কতটা নিরাপদ—এ প্রশ্ন এখন জনস্বাস্থ্যের বড় উদ্বেগ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়তে থাকা লবণাক্ততা মোকাবিলায় নিয়মিত পানির মান পরীক্ষা, নিরাপদ পানির ব্যবস্থা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তুরস্কে কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে এ দাবি তুলে ধরে আইসিডিডিআর,বি। একই সঙ্গে দুর্গম উপকূলীয় এলাকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু, পানি ও স্বাস্থ্য’ বিষয়ক এক আলোচনায় এসব আহ্বান জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনাটির আয়োজন করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
আলোচনায় আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী নোশিন ফারজানা বাংলাদেশের উপকূলীয় এলাকায় ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত একটি গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। তিনি জানান, গবেষণার আওতাভুক্ত এলাকার অনেক মানুষ লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন। গবেষণায় হৃদ্রোগের বাড়তি ঝুঁকিরও ইঙ্গিত পাওয়া গেছে। পানিতে থাকা অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী আলিয়া নাহিদ বলেন, উপকূলীয় এলাকায় কারা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা প্রথমে চিহ্নিত করতে হবে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কী ধরনের সেবা প্রয়োজন, তা নির্ধারণের ক্ষেত্রে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তিনি বাংলাদেশে অসংক্রামক রোগ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে কাজ করা এনআইএইচআর গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারের দেশীয় পরিচালক।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম বলেন, ট্রাস্টের কার্যক্রমে স্বাস্থ্য খাতকে আরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে লবণাক্ততাপ্রবণ এলাকায় স্বল্প ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ এবং দুর্গম উপকূলীয় অঞ্চলে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, উপকূলীয় এলাকায় পরিবারের জন্য নিরাপদ পানি সংগ্রহের দায়িত্ব মূলত নারীদের ওপর পড়ে। তাই জলবায়ু অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ এবং প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণে উপকূলের নারীদের মতামত নিশ্চিত করতে হবে।
আলোচনার সঞ্চালক ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান পানি সংগ্রহের দায়িত্ব নারী-পুরুষের মধ্যে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পানি সরবরাহসংক্রান্ত স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সোহানুর রহমান বলেন, উপকূলীয় পরিবারের পানিতে কতটা লবণ রয়েছে, তা জানার সুযোগ থাকতে হবে। কোথায় পানির পরীক্ষা হবে এবং নিরাপদ পানির জন্য বরাদ্দ অর্থ কীভাবে ব্যয় হবে, সে সিদ্ধান্তে পানি সংগ্রহের দায়িত্বে থাকা নারী ও স্থানীয় তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মো. হাফিজুর রহমান বলেন, লবণাক্ততা, জলাবদ্ধতা, অতিরিক্ত তাপমাত্রা ও জমির অবক্ষয় উপকূলীয় এলাকার পানির সরবরাহ এবং কৃষিজীবীদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এ সংকট মোকাবিলায় পানি, কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জেনেভা কার্যালয়ের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ইউনিটের কারিগরি কর্মকর্তা অ্যামি স্যাভেজ জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন।
এ ছাড়া সংস্থাটির যুব পরিষদের সদস্য কাটজা চিচ জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক স্থানীয় উদ্যোগগুলোকে সহায়তা করতে আন্তর্জাতিক যুব সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। স্থানীয় স্বাস্থ্যসমস্যার সমাধানে উপকূলীয় নারীদের সম্পৃক্ত করার উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে নিরাপদ পানির নিশ্চয়তা, নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা, স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে জলবায়ু অভিযোজনের অর্থায়ন কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
এমআর/