তিন মেডিকেল কলেজে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্বখাতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মোট ছয়টি বিষয়ে আলোচনা করতে আগামী রোববার (২২ নভেম্বর) বৈঠক আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, আগামী ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।
বৈঠকে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মোট ৮ হাজার ১২২টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে।
এ ছাড়া দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য মোট ৪০টি পদ সৃষ্টির প্রস্তাব আলোচনায় রাখা হয়েছে।
একই সঙ্গে দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃষ্টির প্রস্তাবও বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসন এবং হাসপাতালগুলোর সেবার সক্ষমতা বাড়াতে নতুন পদ সৃষ্টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব প্রস্তাব বৈঠকে পর্যালোচনার পর প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমআর/