১১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৬:৪৬ পিএম

এমআরসিপিসিএইচে ডা. মেহজাবীন চিশতীর বিশ্ব রেকর্ড

এমআরসিপিসিএইচে ডা. মেহজাবীন চিশতীর বিশ্ব রেকর্ড
ডা. মেহজাবীন চিশতী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাবিজ্ঞানের আন্তর্জাতিক ডিগ্রি মেম্বারশিপ অব রয়েল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ (এমআরসিপিসিএইচ) এর ৮২ নম্বরের ক্লিনিক্যাল পরীক্ষায় ৮১ পেয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশি চিকিৎসক ডা. মেহজাবীন চিশতী। সংশ্লিষ্টদের দাবি, লন্ডনের রয়্যাল কলেজের বিশেষায়িত এই ডিগ্রির ইতিহাসে এটিই সর্বোচ্চ প্রাপ্ত নম্বর।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিশ্ব রেকর্ডের তথ্য জানান ডা. চিশতী।

ডা. মেহজাবীন চিশতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৩ সাল থেকে তিনি স্কয়ার হসপিটালের নিওনেটাল আইসিইউতে কাজ করা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটেও চাকরি করেন  তিনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি সনদপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন ডা. মেহজাবীন চিশতি। ইংরেজি ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘আজ আমি হাতে ধরে আছি পরিশ্রম, অধ্যাবসায় এবং অসংখ্য ত্যাগের একটি প্রতীক—আমার এমআরসিপিসিএইচ সনদ। কিন্তু এই অর্জন শুধু আমার একার নয়; এটি তাদেরও, যারা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি রাতে অধ্যয়নের সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমার স্বামী, আমার মেয়ে, আমার বাবা-মা, আমার শিক্ষক, আমার বন্ধুরা এবং বিশেষ করে সেই সব সহায়ক হাত যারা আমার পড়াশোনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন—আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনারা সকলের সহায়তা, উৎসাহ এবং আমার প্রতি বিশ্বাস এই যাত্রাকে সম্ভব করেছে। এই সাফল্য আমাদের সকলের।’

এদিকে ডা. মেহজাবীন চিশতীর অভাবনীয় সাফল্যে অভিভূত বাংলাদেশের চিকিৎসক মহল। কার্ডিফ অ্যান্ড ভেল ইউনিভার্সিটি হেল্থ বোর্ডের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তানজীন জাহান লিখেছেন, ‘ডা. মেহজাবীন চিশতীকে অভিনন্দন জানাই, যিনি এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল পরীক্ষায় ৮২’র মধ্যে ৮১ পেয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর অর্জন করেছেন। আপনার একাগ্রতা, পরিশ্রম এবং চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষতা আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনি সত্যিই বাংলাদেশের চিকিৎসক সমাজের জন্য একটি উজ্জ্বল উদাহরণ।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক