সেন্ট মার্টিনে আটকা মেডিকেলের ১০ শিক্ষার্থী, বাড়ছে বাড়ি ফেরার উদ্বেগ
মেডিভয়েস রিপোর্ট: সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ১০ জন শিক্ষার্থী। সমুদ্রে সতর্কসংকেত জারি থাকায় দ্বীপ থেকে ফিরতে না পেরে আজ শুক্রবার (২০ নভেম্বর) পঞ্চম দিনের মতো সেখানে আটকে আছেন তাঁরা।
জানা গেছে, ভ্রমণে যাওয়া ১০ শিক্ষার্থীই মেডিকেল কলেজটির ২০২১-২২ শিক্ষাবর্ষের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তাঁদের লেকচার ক্লাস শেষ হয়েছে। ব্লক পোস্টিং শুরু হওয়ার আগে কলেজ থেকে তাঁদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল। তবে সেন্ট মার্টিনে আটকে পড়ায় নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান করতে হচ্ছে তাঁদের। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস, পড়াশোনা ও ব্যক্তিগত কাজেও ব্যাঘাত ঘটছে। আবহাওয়া স্বাভাবিক মনে হলেও কবে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা।
দ্বীপে আটকে থাকা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান মেডিভয়েসকে বলেন, ‘এখানকার আবহাওয়া আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। আজ দুপুর ও বিকেলেও রোদ উঠেছে, আকাশ পরিষ্কার ছিল। সমুদ্রেও তেমন ঢেউ নেই। তবে সতর্কসংকেত থাকায় আমাদের চলাচল বন্ধ রয়েছে। এ কারণে আমরা দ্বীপে আটকে আছি। আবহাওয়া নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই। মূল উদ্বেগ, কবে নিরাপদে বাড়ি ফিরতে পারব।’
তিনি বলেন, তাঁদের তিন দিনের ভ্রমণ পরিকল্পনা ছিল। ১৭, ১৮ ও ১৯ নভেম্বর ঘুরে ১৯ তারিখই ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ফিরতে না পারায় তাঁদের অবস্থানের মেয়াদ আরও দুই দিন বেড়েছে। এখন দ্বীপে তাঁদের পঞ্চম দিন চলছে।
জাহিদ হাসান বলেন, ‘আজ জুমার নামাজের পর বা সন্ধ্যায় আটকে থাকা পর্যটকরা জেটিঘাটে গিয়ে আন্দোলন করেছেন। তাঁদের দাবি, যেন নিরাপদে দ্বীপ থেকে বের হওয়ার ব্যবস্থা করা হয়। এখানে প্রায় এক হাজার শিক্ষার্থী আটকে আছেন।’
বাড়তি দুই দিনের অবস্থানে আর্থিক চাপের কথাও জানান এই শিক্ষার্থী। তিনি বলেন, তিন দিনের ভ্রমণের হিসাব করেই তাঁরা প্রয়োজনীয় টাকা নিয়ে এসেছিলেন। কিন্তু পরিকল্পনার বাইরে আরও দুই দিন থাকতে হওয়ায় খাবার ও অন্যান্য খরচ বেড়েছে। অনেকের হাতেই প্রায় টাকা শেষ হয়ে গেছে। বাড়তি খরচ সামলাতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।
দ্বীপে আটকে থাকার কারণে পড়াশোনা ও ব্যক্তিগত কাজেও বিঘ্ন ঘটছে বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, শনিবার থেকে তাঁদের নতুন ক্লাস শুরু হওয়ার কথা। মেডিকেল শিক্ষার্থীদের চূড়ান্ত বর্ষের এই পর্যায়ে তাত্ত্বিক পড়াশোনার পর রোগীদের শয্যাপাশে থেকে হাতে-কলমে চিকিৎসাশিক্ষা শুরু হয়। রোগী পরীক্ষা করা, শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ এবং চিকিৎসাপত্র লেখার মতো বিষয়গুলো সরাসরি শেখার সুযোগ থাকে এই ক্লাসে।
জাহিদ বলেন, ‘আমরা এক সপ্তাহের ছুটি নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। পরিকল্পনা ছিল আজ সকালে ঢাকায় পৌঁছে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করব। কিন্তু আজ ফিরতে পারিনি, কালও পারব কি না জানি না। ইতিমধ্যে আমাদের দুই দিনের ক্লাস মিস হয়েছে। এতে উপস্থিতি ও পড়াশোনা—দুই দিক থেকেই ক্ষতি হচ্ছে।’
শুধু ক্লাস নয়, অনেক শিক্ষার্থীর ব্যক্তিগত কাজ ও টিউশনও ব্যাহত হচ্ছে। কেউ কেউ সমুদ্রের মাঝখানে চারদিকে পানি ঘেরা দ্বীপে দীর্ঘ সময় আটকে থাকায় একঘেয়েমি ও ভয়ও অনুভব করছেন। শিক্ষার্থীদের মধ্যে আবহাওয়া নিয়ে বড় কোনো উদ্বেগ না থাকলেও নিরাপদে বাড়ি ফেরা এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অপেক্ষাই এখন তাঁদের প্রধান দুশ্চিন্তা বলে জানান জাহিদ হাসান।
টিআই/