১৩ জুলাই, ২০২৪ ০৭:০০ পিএম

বিএসএমএমইউর সেই নিয়োগ পরীক্ষা স্থগিত

বিএসএমএমইউর সেই নিয়োগ পরীক্ষা স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বহুল আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ২০ অক্টোবর ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারি নিয়মের তোয়াক্কা করা হয়নি এতে। এ ছাড়া প্রশ্ন ফাঁসসহ নানা অভিযোগও উঠেছিল পরীক্ষাটি নিয়ে। তবে স্থগিত করা হলেও পরীক্ষাটি বাতিল হয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আজ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান মেডিভয়েসকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বলেন, ‘আগের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ পরীক্ষার পর প্রার্থীদের সাক্ষাৎকারও নিয়েছিলেন। তিনি ফলাফল তৈরি করে বর্তমান ভাইস চ্যান্সেলরকে দিয়ে যান। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই পরীক্ষাটি নেওয়া হয়েছিল। এ কারণে বর্তমান ভাইস চ্যান্সেলর ফলাফল খুলেও দেখেননি।’

তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত নিয়োগ হবে না। আবার স্থগিতাদেশ উঠবে কি না, তা এখনও নিশ্চিত না। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি দিতে অন্তত তিন মাস লাগবে। অনুমোদন পাওয়া গেলে তখন নিয়োগের বিষয়টি চিন্তা-ভাবনা করা যাবে।’

প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রসঙ্গে প্রো-ভিসি বলেন, ‘যে অভিযোগগুলো করা হয়েছিল তা পুরোপুরি প্রমাণ করা যায়নি। অভিযোগের সপক্ষে কোথাও কোনো তথ্য-প্রমাণ নাই।’

এসব বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত