জাপানে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বিএসএমএমইউ চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের জন্য জাপানে উন্মুক্ত হচ্ছে গবেষণার দুয়ার। এখন থেকে প্রতি বছর দেশটিতে ফেলোশিপ ট্রেনিংয়ের সুযোগ পাবেন তারা। ট্রেনিংয়ের সকল ব্যয়ভার বহন করবে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (জেবিএমএ)
আজ শনিবার (৮ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করে বিএসএমএমইউ ও জেবিএমএ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি ছিলেন জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রতি বছর বিএসএমএমইউয়ের ক্লিনিক্যাল ডিপাটেমেন্টের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকরা জাপানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিন থেকে ছয় মাসের উচ্চতর ফেলোশিপ ট্রেনিং করার সুযোগ পাবেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক। তারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সাসাকা ফাউন্ডেশনের মাধ্যমে তারা বাংলাদেশি চিকিৎসকদের স্কলারশিপও দিয়ে থাকে। আমরা চাই চিকিৎসা খাতে জাপানের সঙ্গে আমাদের এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকুক।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জাপান বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে তারা অনেক বেশি এগিয়ে। তবে জাপানের রাষ্ট্রদূত আমার সঙ্গে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন, সে সময় এই হাসপাতালের এত সংখ্যক রোগী দেখে তিনি যথারীতি অবাক হয়েছেন। জাপানের রাষ্ট্রদূত আমার কাছে জানতে চেয়েছেন, অল্প সক্ষমতা ও এই জনবল দিয়েও আমরা কিভাবে এতো সুন্দর চিকিৎসা সেবা পরিচালনা করছি। এ সময় তিনি আমাদের চিকিৎসকদেরও প্রশংসা করেছেন। আমরা তাকে জানিয়েছি যে, আমাদের অসংখ্য প্রশিক্ষিত চিকিৎসক আছে, যাদের অনেকেই ঢাকার বাইরে চিকিৎসা সেবা দিচ্ছে। আমাদের এই চিকিৎসকরা জাপান সরকারের সহযোগিতা পেলে আরও অনেক এগিয়ে যাবে।’
এ সময় বক্তৃতাকালে জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি তার বক্তব্যে বাংলাদেশে স্বল্প জনবল ও সক্ষমতায় সুন্দর চিকিৎসা কার্যক্রমের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, ‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার সাথে আমাদের কাজের দীর্ঘ অভিজ্ঞতা। তারা এখনও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। সবমিলিয়ে জাপানের সাথে আমাদের অভিজ্ঞতা খুবই তাৎপর্যপূর্ণ।’
ভাইস চ্যান্সেলর আরও বলেন, ‘দেশের অসংখ্য চিকিৎসক জাপানে স্কলারশিপে প্রশিক্ষণে যায়। আমরাও বিএসএমএমইউর পক্ষ থেকে জাপানের এসব প্রশিক্ষণ ও স্কলারশিপে জোরালোভাবে অংশগ্রহণ করতে চাই। সে লক্ষ্যেই তাদের সাথে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর। আমরা আশা করছি, চিকিৎসা সেবা ও প্রশিক্ষণে সবসময় জাপান আমাদের পাশে থাকবে। এমনকি বিএসএমএমইউ বাংলাদেশে স্মার্ট হেলথ সিস্টেমের জন্য কাজ করছে, আমরা চাই আমাদের এই কর্মযজ্ঞেও জাপান আমাদের পাশে থেকে সহযোগিতা করুক।’
এর আগে ২০১৯ সালের ২৯ মে জাপানের টোকিওতে বাংলাদেশে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছিলেন জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (জেবিএমএ) ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হিরোয়ুকি সাকুরাই। জেবিএমএ ২০১৩ সাল থেকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের উদ্যোগে প্রতি বছর বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সাজর্নদের জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ফেলোশিপ ট্রেইনিংয়ের ব্যবস্থা করে আসছে।
বিএসএমএমইউর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে বার্ন ও প্লাস্টিক সার্জনদের পাশাপাশি অন্যান্য ক্লিনিক্যাল বিষয়ের বিশেষজ্ঞরাও উচ্চতর ফেলোশিপের সুযোগ পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ আলীমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫