সংসদ সদস্যকে ভারত থেকে হত্যার হুমকি, হাইকমিশনারকে তলবের দাবি
মেডিভয়েস রিপোর্ট: ভারত থেকে হত্যার হুমকির পাশাপাশি দেশের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। একই সঙ্গে ভারত থেকে আসা ফোনকলের বিষয়ে দেশটির হাইকমিশনারকে তলব করে জবাব চাওয়ার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. মাহমুদা আলম মিতু।
তিনি বলেন, একজন সংসদ সদস্য হয়েও নিরাপত্তার জন্য থানায় গিয়ে জিডি করতে হয়েছে। এটি সরকারের ব্যর্থতা এবং অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘সরকার ব্যর্থ হচ্ছে। আমাকে আজ নিরাপত্তার জন্য এখানে এসে জিডি করতে হয়েছে, একজন সংসদ সদস্যকে। এটা খুবই লজ্জাজনক একটা অবস্থা। এখানে কয়েকটি বিষয় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা একটি বিষয়। আর ভারত থেকে কল এসেছে। আমার ফোনেও এখনো স্ক্রিনশট আছে। এখানে একটি কূটনৈতিক বাধ্যবাধকতার বিষয়ও রয়েছে।’
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারতের উসকানিতে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। একজন বাসচালককে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু না হওয়াও অন্যতম কারণ।
তিনি বলেন, ‘আমি জিডি করেছি। আমি চাই, ভারত থেকে যে কলগুলো এসেছে, সেগুলো নিয়ে সরকার ভারতের হাইকমিশনারকে তলব করবে এবং বিষয়টি জানতে চাইবে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ডে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, সে বিষয়ে সরকার তাদের কাছে জবাব চাইবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু করবে।’
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, সেখানে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক সংগঠনের দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় তারা এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস দেখাতে পারেনি। তখন বলা হয়েছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এখন নির্বাচিত সরকারের সময়ই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এটি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
নিজের নিরাপত্তার পাশাপাশি জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. মাহমুদা আলম মিতু। তিনি বলেন, একজন সংসদ সদস্যকে যদি মৃত্যুর হুমকি দেওয়া হয়, তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নারীরা কতটা ঝুঁকিতে রয়েছেন, তা সহজেই অনুমেয়।
তিনি আরও বলেন, অনেক নারী বিভিন্ন জায়গা থেকে হুমকি পাওয়ার কথা তাঁকে জানিয়েছেন। এসব হুমকি দেশের ভেতর ও দেশের বাইরে—দুই জায়গা থেকেই আসছে বলে তিনি দাবি করেন।
বর্তমান সরকারের সময়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়াকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর কাছে এ-সংক্রান্ত কিছু তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি জানতে চান, সেগুলোর ভিত্তিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে।
সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি প্রশ্ন রেখে ডা. মাহমুদা আলম মিতু বলেন, এ ধরনের অভিযোগ ও তথ্যপ্রমাণ পাওয়ার পর মন্ত্রণালয় কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করা প্রয়োজন।
টিআই/