বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ের শঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। সবকিছু অনুকূলে থাকলে আজ সোমবার (১৬ নভেম্বর) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মধ্যরাতে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তবে দমকা ও ঝড়ো হাওয়ার সময় তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশের সাগরও বেশ উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও ঘনীভূত হলে আজই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআর/