০৯ নভেম্বর, ২০২৬ ০১:১৪ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মঙ্গলবার নীতিমালা চূড়ান্তের পর বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মঙ্গলবার নীতিমালা চূড়ান্তের পর বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএসের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার নীতিমালা নিয়ে অনুষ্ঠেয় সভার সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন সংশ্লিষ্টদের অংশীজনদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষার নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নীতিমালার বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীতিমালা অনুমোদনের পর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিসহ অন্যান্য বিষয় নিয়ে আমরা কাজ করবো।’

নীতিমালায় কোনো মৌলিক পরিবর্তন আসছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমোদনের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এর আগে কোনো প্রস্তাবনা বা সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে মন্তব্য করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হতে পারে। 

এদিকে আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিকভাবে নির্ধারিত রয়েছে বলেও জানান তিনি।

পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। এরপর এসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় চার লাখ ২০ হাজার শিক্ষার্থীর কেউ পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলেও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে। ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে অনলাইনে আবেদন কার্যক্রম। বুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তিতে আবেদন ২১ নভেম্বর শুরু হতে পারে বলে জানা গেছে। 

সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএস ভর্তিতে পুনঃপরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কি-না, এমন প্রশ্নে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

‘আমরা আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সেই তারিখে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরে সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে’—বলেন তিনি।

আবেদনের সম্ভাব্য সময় ১৫-১৮ নভেম্বর

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু হতে পারে।’

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছিল। এই হিসাবে ২০২৬ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকলে কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি মেডিকেল কলেজে আসন করা পাঁচ হাজার ১০০টি, যা আগে ছিল ৫ হাজার ৩৮০।

এদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ছিল ছয় হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টিতে আসন কমানো, দুটিতে বাড়ানো এবং বাকিগুলোতে আসন ঠিক রাখা হয়েছে। এতে বেসরকারি মেডিকেলে ২৯২টি আসন কমে।

প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১২ ডিসেম্বর। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছিল গত শিক্ষাবর্ষে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। 

পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত