২৯ নভেম্বর, ২০২৬ ০৭:৫৩ পিএম

আলজেরিয়ার ব্যতিক্রমী উদ্যোগ ‘রিজালুল ফজর’ এখন বিশ্বজুড়ে, মসজিদে শিশু-কিশোরদের ভিড়

আলজেরিয়ার ব্যতিক্রমী উদ্যোগ ‘রিজালুল ফজর’ এখন বিশ্বজুড়ে, মসজিদে শিশু-কিশোরদের ভিড়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফজরের নামাজে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে আলজেরিয়ায় শুরু হওয়া ব্যতিক্রমী উদ্যোগ ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে। দলবেঁধে মসজিদে যাওয়া, জামাতে নামাজ আদায় এবং নামাজ শেষে একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় অনুশীলনের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন আল-কবিরা এলাকায় প্রায় চার বছর আগে কোরআনের শিক্ষক ওমর ইসাউই কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে এ উদ্যোগ শুরু করেন। শিশুদের ফজরের নামাজে আগ্রহী করে তুলতে তিনি নামাজ শেষে নাশতার আয়োজন ও বিভিন্ন পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। অল্প কয়েকজন শিশুকে নিয়ে শুরু হওয়া এ কার্যক্রম ধীরে ধীরে জনপ্রিয়তা পায়।

পরে উদ্যোগটির বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বের অন্যান্য দেশেও একই ধরনের কর্মসূচি শুরু হয়। দেশভেদে এর নাম ও আয়োজনের ধরনে ভিন্নতা থাকলেও মূল উদ্দেশ্য একই—শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে সম্পৃক্ত করা এবং জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করা।

জর্ডানে উদ্যোগটি ‘নিশামা আল ফজর’, মরক্কোতে ‘ফুরসান আল ফজর’ এবং মিসরে ‘রিজালাতুল ফজর’ বা ‘রিজালা আল ফজর’ নামে পরিচিতি পেয়েছে। এ ছাড়া আলজেরিয়া, কুয়েত, কাতার, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন, তুরস্ক, ভারত ও ইথিওপিয়াসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ উদ্যোগের বিস্তার ঘটেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মুসলিম কমিউনিটির মসজিদেও অনুরূপ কর্মসূচি চালু হয়েছে।

কুয়েতেও ব্যাপক সাড়া ফেলেছে এ উদ্যোগ। সম্প্রতি দেশটির বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের নামাজ আদায় করতে ৫০০-এর বেশি মুসল্লি সমবেত হন। তাঁদের মধ্যে ছিলেন বিপুলসংখ্যক শিশু ও অভিভাবক। কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়, সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত, দেশটিতে এ উদ্যোগ পরিচালনা করছেন। ওই জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমাসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

এদিকে ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল-খলিলি শিশু-কিশোরদের ফজরের নামাজে মসজিদমুখী করার এ উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি এটিকে উম্মাহর জন্য কল্যাণের সুসংবাদ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের প্রচেষ্টারও প্রশংসা করেন। বিশ্ব মুসলিম উলামা সংঘও উদ্যোগটির ইতিবাচক দিক তুলে ধরে শিশুদের সঙ্গে মসজিদের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর ভূমিকার প্রশংসা করেছে।

তবে উদ্যোগটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের নিরাপত্তা, ভোরে মসজিদে যাতায়াত, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনায় এর প্রভাব নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ শিশুদের বয়স, শারীরিক সক্ষমতা ও দৈনন্দিন রুটিন বিবেচনায় রেখে কর্মসূচি পরিচালনার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মসজিদে যাতায়াত ও নামাজের সময় অভিভাবকদের তত্ত্বাবধান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আয়োজকদের মতে, ‘রিজালুল ফজর’ কেবল ফজরের জামাতে মুসল্লির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নয় বরং নতুন প্রজন্মকে মসজিদমুখী করা, পরিবারকে ধর্মীয় চর্চায় সম্পৃক্ত করা এবং শিশুদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করার একটি সামাজিক প্রচেষ্টা। বিশ্বের বিভিন্ন দেশে উদ্যোগটির বিস্তার সেই প্রচেষ্টাকেই আরও দৃশ্যমান করে তুলেছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও