সব মিলিয়ে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দ্রুতই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
জাতীয় ভাসকুলার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হতাশার কথা না বলে আমরা প্রতিটি বিষয় ধরে ধরে ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছি। আপনাদের একটি নতুন তথ্য দিতে চাই। সরকারি হাসপাতালে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এ নিয়োগের পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। তবে আমাদের পরিকল্পনা শুধু পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে সীমাবদ্ধ নয়। চলমান প্রথম পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ সম্পন্ন হওয়ার পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ, সব মিলিয়ে ১০ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।’
‘এর প্রধান কারণ গত ১০-১৫ বছরে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ হয়নি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যার প্রায় অর্ধেক চিকিৎসকও নেই। তাই এই জনবলসংকট দূর করতে হবে।’
তিনি বলেন, একই সঙ্গে নার্স নিয়োগের কার্যক্রম শুরু হচ্ছে এবং এ নিয়োগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগও হয়নি। অথচ হাসপাতালগুলোতে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে, সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। এ নিয়োগ কার্যক্রমও দ্রুত শুরু করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হেলথ ওয়ার্কার নিয়োগের উদ্যোগ চলমান রয়েছে।’
এমইউ/