স্বাস্থ্যখাতের সংকট কাটবে আগামী বছর: আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট কাটিয়ে আগামী বছর থেকেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এ নিয়োগ দেশের চিকিৎসক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু চিকিৎসকের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়; পাশাপাশি চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের পেশাগত দক্ষতা এবং সেবার মান নিশ্চিত করতে হবে। এজন্য সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা জরুরি।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। এ অগ্রগতিকে টেকসই করতে স্বাস্থ্যকর্মীদের চাহিদা নিরূপণ, দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহবিষয়ক প্রতিবেদন ভবিষ্যৎ স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন হবে। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের সংখ্যার মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে, যার ফলে স্বাস্থ্য জনবলের কাঙ্ক্ষিত পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।
তিনি জানান, আদর্শ স্বাস্থ্যব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা। কিন্তু দেশে প্রায় এক লাখ ছয় হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র এক লাখ নয় হাজার। ফলে স্বাস্থ্য জনবলের কাঠামো পিরামিডের পরিবর্তে সিলিন্ডারের মতো হয়ে গেছে। অন্যান্য স্তরে জনবলের ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপরও অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ কমবে এবং কর্মঘণ্টা সাশ্রয় হবে। তবে মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের তীব্র সংকট দূর করা না গেলে চিকিৎসক তৈরির হার বাড়ানো কঠিন হবে। পাশাপাশি হাসপাতাল ও মেডিকেল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ স্বাস্থ্য ব্যবস্থাপক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নরওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টিআই/