আন্তর্জাতিক সুস্থতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ডা. মেছবাহ উদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুস্থতা সম্মেলনে সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও জিনগত সুস্থতা নিয়ে অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেছেন বাংলাদেশের সুস্থতা বিষয়ক পরামর্শক, উদ্যোক্তা ও জিনগত সুস্থতা বিশেষজ্ঞ ডা. মেছবাহ উদ্দিন। সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন টোটাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ সম্মেলনে প্রতিনিধি ও আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন তিনি।
গত ১৯ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য ও সুস্থতা খাতের পেশাজীবী, গবেষক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সমন্বিত স্বাস্থ্যসেবা, সামগ্রিক সুস্থতা এবং মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে ডা. মেছবাহ উদ্দিন সামগ্রিক সুস্থতা, ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা এবং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ৬৪তম ঘোষণাপত্রের লক্ষ্য ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে সুস্থতা ও টেকসই রূপান্তরের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
কলম্বোর সম্মেলনে অংশগ্রহণের আগে ভারতের বেঙ্গালুরুতে জিনগত সুস্থতা বিষয়ে একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন ডা. মেছবাহ উদ্দিন। জিনগত তথ্যের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক ও প্রতিরোধমূলক সুস্থতা চর্চার প্রসারে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানুষের মানসিক, শারীরিক ও সামগ্রিক সুস্থতা নিয়ে কাজ করছেন তিনি।
ডা. মেছবাহ উদ্দিন ওয়েলবিয়িং জেনেটিকস অ্যান্ড রিসার্চের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশে সুস্থতা ও মানসিক স্বাস্থ্যভিত্তিক বিভিন্ন উদ্যোগ, প্রশিক্ষণ, পরামর্শদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি।
আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করে ডা. মেছবাহ উদ্দিন বলেন, ‘নিজের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা এবং দেশের সীমানা পেরিয়ে মানুষের কল্যাণে অবদান রাখার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করার কোনো ভৌগোলিক সীমানা নেই। বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সুস্থতা নিয়ে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং মানুষের কল্যাণে অবদান রাখতে চাই। আমার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও মনে করেন, ভবিষ্যতে একটি সুস্থ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে মানসিক সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য, ব্যক্তিকেন্দ্রিক সুস্থতা এবং রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।
এমআর/