২৬ নভেম্বর, ২০২৬ ১২:২২ পিএম

আই ব্যাংকিং সম্প্রসারণে সরকারি সহায়তার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আই ব্যাংকিং সম্প্রসারণে সরকারি সহায়তার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চক্ষুদান আন্দোলন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কর্নিয়া সংগ্রহ ও পরিবহনে প্রশিক্ষিত জনবল তৈরি এবং প্রতিটি বিভাগে আই ব্যাংকিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা রোডে সন্ধানী ভবনের ডা. শিশির স্মৃতি হলে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের চক্ষুসেবার চাহিদা বিবেচনায় নিয়ে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। আই ব্যাংকিং ব্যবস্থা দেশের সব বিভাগে সম্প্রসারণ করতে হবে। এ জন্য কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা জরুরি।

তিনি জানান, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতেও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির চলমান চক্ষু হাসপাতালের সেবার পরিধি বাড়ানো সম্ভব হবে। বিশেষ করে রাজধানীর নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠী আরও বিস্তৃত চক্ষুসেবা পাওয়ার সুযোগ পাবে।

চক্ষুদান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, রক্তদান তিন মাস পরপর করা সম্ভব হলেও কর্নিয়া দান জীবনে একবারই করা যায়। তাই এ বিষয়ে মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে ব্যাপক প্রচারণা এবং নিবিড় পরামর্শ প্রয়োজন। সন্ধানীর ৪২ বছরের নিরলস প্রচারণায় চক্ষুদান নিয়ে সমাজের নেতিবাচক ধারণা অনেকটাই কমেছে। মানুষ এখন বুঝতে পারছে, কর্নিয়া দানের মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব।

নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ২০১২ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষক হিসেবে বাংলাদেশে শিশু অন্ধত্ব নিয়ে একটি জাতীয় জরিপ পরিচালনা করেন তিনি। দেশের ৬৪ জেলায় শূন্য থেকে ১৬ বছর বয়সী প্রায় দুই হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, ২৭ থেকে ২৮ শতাংশ শিশু কর্নিয়াজনিত কারণে অন্ধত্বের শিকার হয়েছে। এর প্রধান কারণ ছিল অপুষ্টি ও ভিটামিন 'এ'-এর অভাব।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমেছে। তবে দুর্ঘটনা ও আঘাতজনিত কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে। আশার বিষয় হলো, আঘাতজনিত কর্নিয়ার ক্ষত সফলভাবে প্রতিস্থাপনের সম্ভাবনা বর্তমানে অনেক বেশি।

চক্ষুদান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণরা নিজ নিজ পরিবারের দাদা-দাদি ও নানা-নানিসহ বয়োজ্যেষ্ঠদের চক্ষুদানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ ও চাহিদা নিরূপণে নতুন গবেষণা এবং মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগ কার্যক্রম গ্রহণ করতে হবে।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক