মেডিকেলে ভর্তি: ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের গ্রেড রূপান্তরের আবেদন শুরু
মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও অনুমোদিত বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী বিদেশি শিক্ষাক্রমে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের নম্বর সমতাকরণের আবেদন আহ্বান করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ থেকে আবেদন গ্রহন শুরু হয়েছে চলবে আগামী ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেসব বাংলাদেশি শিক্ষার্থী তাঁদের ফলাফল বাংলাদেশের প্রচলিত জিপিএ পদ্ধতিতে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন জমা দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ২০৪ নম্বর কক্ষে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা এ-লেভেল সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ২০২৩ সালের আগে এসএসসি, ও-লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ অথবা এ- গ্রেড থাকতে হবে।
তবে পশ্চাৎপদ জনগোষ্ঠী, অর্থাৎ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে
নম্বর সমতাকরণের আবেদনের সঙ্গে এসএসসি/ও-লেভেল ও এইচএসসি/এ-লেভেল বা সমমান পরীক্ষার মূল সনদ এবং মূল নম্বরপত্র দেখাতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সত্যায়িত সনদ ও নম্বরপত্রের অনুলিপি জমা দিতে হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ অথবা প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্টের অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্ধারিত ফি জমার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল করতে হবে।
ও-লেভেল ও এ-লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র ও সনদ ইস্যুকারী কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করতে হবে। বিদেশ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি নাগরিকদের সনদ ও নম্বরপত্র সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক সত্যায়িত বা যাচাইকৃত হতে হবে।
আবেদন ফি দুই হাজার টাকা
নম্বর সমতাকরণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। এ অর্থ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনকারীদের যথাযথভাবে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর একটি আইডি নম্বর সংগ্রহ করতে হবে। পরবর্তী সময়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনে এই আইডি নম্বর প্রয়োজন হবে।
আবেদন ফরম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নম্বর সমতাকরণ সনদ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। এ বিষয়ে সমতা নির্ধারণী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এমআর/