২৬ নভেম্বর, ২০২৬ ০৪:২২ পিএম

‘কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধে আই ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেবে সরকার’

‘কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধে আই ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেবে সরকার’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি হারানো মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে দেশের আই ব্যাংকগুলো পুনরুজ্জীবিত ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও একটি বড় সমস্যা। ২০ থেকে ৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের মধ্যে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ বেশি ছিল। তবে সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম যুক্ত হওয়ার পর এ ধরনের অন্ধত্বের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে চোখের সংক্রমণ ও আঘাত কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর আওতায় কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপনের কাজ করছেন। তবে পর্যাপ্ত দাতার অভাবে দেশে অধিকাংশ কর্নিয়া প্রতিস্থাপনের জন্য বিদেশ থেকে কর্নিয়া আমদানি করতে হচ্ছে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় বাড়ার পাশাপাশি নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে।

দেশে কর্নিয়াজনিত অন্ধত্বের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন। এ ছাড়া আরও প্রায় ৫০ হাজার মানুষ এ ধরনের অন্ধত্বের ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত প্রায় দুই হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁদের একটি বড় অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ তৈরি করা গেলে তাঁদের অনেকেরই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়াজনিত অন্ধত্বের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিস্থাপনের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, দেশের আই ব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, আই ব্যাংকগুলোকে কার্যকরভাবে পুনর্গঠন করা গেলে দেশে কর্নিয়ার সংকট কমবে এবং দৃষ্টিশক্তি হারানো বহু মানুষের চিকিৎসার সুযোগ তৈরি হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক