ঢাকা মেডিকেলে নার্সদের হুইলচেয়ার প্রদান ও বৃক্ষ রোপণ
মেডিভয়েস রিপোর্ট: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০১৮ ব্যাচের নার্সরা। এ উপলক্ষে ১৮ পাউন্ডের একটি কেক কাটা, রোগীদের কল্যাণে ১০টি হুইলচেয়ার প্রদান এবং হাসপাতাল চত্বরে ১০০টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
রোববার (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করে নিতে ১৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে রোগীদের কল্যাণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ১০টি হুইলচেয়ার হস্তান্তর করেন ২০১৮ ব্যাচের নার্সরা।
এ ছাড়া হাসপাতালের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রত্যয়ে হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ১০০টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, ডেপুটি পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক, নার্সিং সুপারিনটেনডেন্ট, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট, নার্সিং সুপারভাইজারবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের ইনচার্জসহ কর্মরত নার্সিং কর্মকর্তারা।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নার্সিং নেতৃবৃন্দ ২০১৮ ব্যাচের নার্সদের এ মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোগীদের কল্যাণ, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
উদ্যোক্তারা জানান, বিগত আট বছরের ধারাবাহিকতায় ভবিষ্যতেও তাঁরা নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে নার্সিং পেশার মর্যাদা সমুন্নত রাখতে কাজ করে যাবেন। একই সঙ্গে রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তাঁরা।
এমইউ/