পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠন করে হচ্ছে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর’, রূপরেখা নির্ধারণে কমিটি
মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে পুনর্গঠন করে গঠন করা হতে পারে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর’। নতুন এই অধিদপ্তরের আওতায় আসতে পারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট জনবল। নতুন অধিদপ্তরের কাঠামো, জনবল ও কার্যপরিধি নির্ধারণে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি। আজ রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সর্বজনীন ও গণমুখী করে গড়ে তুলতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠন করে নতুন অধিদপ্তর গঠন করা প্রয়োজন।
সভার প্রস্তাব অনুযায়ী, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী (এইচএ) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট জনবলকে নতুন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে আর্থিক, প্রশাসনিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে দেশের প্রতিটি ইউনিয়নে সাড়ে তিনতলাবিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি দেশের সব ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ (হেলথ অ্যান্ড ওয়েলবিইং সেন্টার) চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এসব কেন্দ্র পরিচালনার জন্য রাজস্ব খাতে সুস্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সভায় নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, জনবল ব্যবস্থাপনা, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (প্রশাসন)।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা)। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, জনবল ব্যবস্থাপনা, ক্যারিয়ার পরিকল্পনা ও কার্যপরিধি নির্ধারণ করে সুপারিশ দিতে বলা হয়েছে।
এমআর/