পেছাচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা, শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দুয়েক দিনের মধ্যে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি নীতিমালা আগামী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।
নাজমুল হোসেন জানান, ভর্তি পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সেই হিসাব অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ‘ভর্তি পরীক্ষার অন্তত এক মাস আগে অনলাইনে আবেদন শুরু হয়। আর আবেদন শুরুর তিন থেকে চার দিন আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে হিসাবে চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু হতে পারে।’
ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন শুরুর তারিখ, আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
এমআর/