১৫ নভেম্বর, ২০২৬ ০৭:১৭ পিএম

রোগীর উন্নত চিকিৎসায় অভিন্ন ও বিজ্ঞানভিত্তিক নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

রোগীর উন্নত চিকিৎসায় অভিন্ন ও বিজ্ঞানভিত্তিক নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিন্ন চিকিৎসা নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেভেলপমেন্ট অব এভিডেন্স-বেজড প্রোটোকল ফর গাইনোকোলজিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভিসি বলেন, রোগীর যথাযথ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিন্ন চিকিৎসা মানদণ্ড অনুসরণের কোনো বিকল্প নেই। প্রতিটি চিকিৎসাপ্রতিষ্ঠানকে নিজস্ব সক্ষমতা ও বাস্তবতার আলোকে চিকিৎসা প্রোটোকল ও নির্দেশিকা প্রণয়নে উদ্যোগী হতে হবে।

কর্মশালায় গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস গবেষণালব্ধ প্রমাণ ও আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকার আলোকে বিএমইউর জন্য রোগীবান্ধব ও বাস্তবসম্মত চিকিৎসা প্রোটোকল তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় অস্ত্রোপচারের আগে রোগীর মূল্যায়ন, ডিম্বাশয়ের ক্যান্সারে অস্ত্রোপচার ও কেমোথেরাপির চিকিৎসাক্রম, জরায়ুর আস্তরণের ক্যান্সারে প্রজননক্ষমতা সংরক্ষণ, জরায়ুমুখের ক্যান্সারে অস্ত্রোপচারের পদ্ধতি এবং বহিঃজননাঙ্গের ক্যান্সারে কুঁচকির লসিকাগ্রন্থি মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালার রিসোর্স পারসন হিসেবে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক ডা. আন্নেক্যাথরিন গুডম্যান বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক চিকিৎসা প্রোটোকল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সাবেরা খাতুন ও অধ্যাপক ডা. সামিনা চৌধুরীসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কর্মশালায় স্ত্রীরোগজনিত ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়নে রোগভিত্তিক ব্যবস্থাপনা দল গঠন, চিকিৎসা প্রোটোকল প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বিত সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে টিউমার বোর্ড গঠনের প্রস্তাব করা হয়। এ বোর্ড রোগীর শারীরিক অবস্থা ও ক্যান্সারের ধরন বিবেচনায় নিয়ে সমন্বিত চিকিৎসার সুপারিশ প্রদান করবে।

এ ছাড়া চিকিৎসাসেবার গুণগত মান যাচাই ও উন্নয়নে কয়েকটি সুনির্দিষ্ট সূচক নির্ধারণের প্রস্তাব উঠে আসে। এর মধ্যে রয়েছে চিকিৎসা প্রোটোকল অনুসরণের হার, রোগনির্ণয় থেকে চিকিৎসা শুরু পর্যন্ত সময়, চিকিৎসাজনিত জটিলতা, নির্ধারিত চিকিৎসা সম্পন্ন করার হার এবং চিকিৎসাসেবা সম্পর্কে রোগীদের অভিজ্ঞতা মূল্যায়ন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক