০৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২৯ পিএম

‘দেশেই ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে’

‘দেশেই ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে’
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা ও প্রতিরোধ বর্তমান সময়ে বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়।

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার প্রতিরোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ আশঙ্কার কথা জানান ভিসি।

এ সময় জানানো হয়, ২০২১ সালের ক্যান্সার স্টাডি অনুযায়ী, দেশে প্রতি বছর দেড় থেকে দুই লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। সব মিলিয়ে সারাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ২০ লাখ।

‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ে অনকোলিজ বিভাগ আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু হয়ে বটতলা প্রদক্ষিণ করে এ-ব্লক, টিএসসি, ডি ব্লক, জামে মাসজিদ পার হয়ে ক্যান্সার ভবন এফ ব্লকে গিয়ে শেষ হয়।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসা ও প্রতিরোধ বর্তমান সময়ে বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়। দিনে দিনে ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।’

ভিসি বলেন, ‘ক্যান্সারের কারণে বিদেশে চিকিৎসা করতে গিয়ে মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ক্যান্সার রোগীরা মৃত্যুর পর তার সন্তানদের জন্য আর কিছুই রেখে যেতে পারেন না। তাই দেশেই ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিএসএমএমইউয়ে ক্যান্সারের আক্রান্ত গরীব রোগীদের বিনামূল্যে পরীক্ষার সেবা প্রদান ও ওষুধ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ ছাড়াও ক্যান্সারের চিকিৎসা কার্যক্রম জোরদার করতে সার্জিক্যাল অনকোলোজি, ক্লিনিক্যাল অনকোলোজি, অকুলোপ্লাস্টি অনকোলোজি, ইএনটি অনকোলোজি, ইউরো অনকোলোজি, গাইনোকোলোজিক্যাল অনকোজি, শিশু হেমাটোলোজি অনকোলোজি, হেমাটোলোজি, হেপাটোলোজিক্যাল অনকোলোজি, রেসপাইরোটারিক্যাল অনকোলোজি, ম্যাক্সিলোফ্যাসিয়াল অনকোলোজিসহ সকল ধরনের ক্যান্সারের বিভাগ ও ইউনিট নিয়ে অনকোলোজি অনুষদ খোলার যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেন ভিসি।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অনোকলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, হেমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ, শিশু অনকোলোজি হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, অনকোলোজি বিভাগের অধ্যাপক ডা.সারোয়ার আলম, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে.(অব.) ডা. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (হাসপাতাল) ব্রি.জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত