০৩ ডিসেম্বর, ২০২৪ ০৫:০০ পিএম

মমেক হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার দিবস পালিত

মমেক হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার দিবস পালিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডার দিবস পালিত হয়েছে। সোসাইটি ফর নিউরোলজিস্টস অব বাংলাদেশের সহযোগিতায় হাসপাতালের নিউরোলজি বিভাগ মঙ্গলবার (৩ নভেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে সচেনতা সৃষ্টিতে এই উদ্যোগ নেয় বিভাগটি। প্রতি বছর ২৯ নভেম্বর বিশ্বব্যাপি মুভমেন্ট ডিজঅর্ডার দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, মুভমেন্ট ডিজঅর্ডার এমন রোগ, যেখানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। অর্থাৎ এটি এক ধরণের স্নায়ুরোগ, যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অনিচ্ছাকৃত নড়াচড়ার মাধ্যমে স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত ঘটায়।

তারা বলেন, মুভমেন্ট ডিজঅর্ডার দুই ভাবে হয়ে থাকতে পারে; একটি ধীরগতির নড়াচড়া, অপরটি অতিমাত্রায় নড়াচড়া। মাংসপেশী শক্ত হয়ে যাওয়া, শারীরিক ভারসাম্যহীনা, হাত-পায়ের অস্বাভাবিক কাঁপুনি কিংবা স্বাভাবিক চলাফেরার গতি কমে যাওয়া ধীরগতির নড়াচড়ার ক্ষেত্রে হয়ে থাকতে পারে। যেমন- পারকিনসন্স রোগ।

এ ছাড়া অতিমাত্রার নড়াচড়ার ক্ষেত্রে হাত, পা কিংবা মাথায় অনিচ্ছাকৃত কাঁপুনি, অনিচ্ছাকৃত ঘাড় বেঁকে যাওয়া কিংবা মুখ, চিহ্বা বা চোয়ালের অস্বাভাবিক নড়াচড়া হয়ে থাকতে পারে। যেমন- ট্রেমর, ডিসটোনিয়া বা ডিসকাইনেসিয়া রোগ।

তারা আরও বলেন, বংশগত বা বয়সজনিত, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্ট্রোক বা মস্তিষ্কের সংক্রমণ এবং ডায়াবেটিস বা বিপাকজনিত সমস্যার কারণে এই রোগ হয়ে থাকতে পারে।

অনুষ্ঠানে মুভমেন্ট ডিজঅর্ডারে আক্রান্তদের চিকিৎসা ও প্রতিকারে করণীয় উল্লেখ করেন আয়োজকরা। এটি কোনো মরণব্যাধি নয়, বরং সুচিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব উল্লেখ করে তারা বলেন, মুভমেন্ট ডিজঅর্ডার থেকে মুক্ত থাকতে হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না। এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। একই সঙ্গে সুষম খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করলে মুভমেন্ট ডিজঅর্ডার রোধ করা যায়।

নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. গোলাম ফেরদৌস। এসময় রোগীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত