১৭ নভেম্বর, ২০২৬ ০৭:১৩ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ ভাগ পদ শূন্য: প্রতিমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ ভাগ পদ শূন্য: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ছয় হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ পদে চিকিৎসক নেই। বর্তমানে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন চিকিৎসক।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এমপিদের প্রশ্নের জবাব দেন।

সিরাজগঞ্জ-৪ আসনের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্যপদ ১১ হাজার ৩৩৬টি। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬টি পদ।

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকায় সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। টিকাদানের এ হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

পাবনা-৫ আসনের এমপি মো. শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে তিনি জানান, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বর্তমান সময়ে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে এ প্রবণতা বেশি।

টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে ডা. এম এ মুহিত জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নতুন ও নবায়ন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক