১৭ নভেম্বর, ২০২৬ ০৩:৫২ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিম্নতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের একাধিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছু শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিকন ও মণ্ডল গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এসব এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অন্যদিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি দুপুরের পর স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, বাঘেরবাজার, ভবানীপুর ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্যন্ত ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

টিআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক