১৭ নভেম্বর, ২০২৬ ০৫:১২ পিএম

ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ

ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ
প্রতীকী ছবি

কারও পৌষমাস, কারও সর্বনাশ—প্রবাদটি ব্যাকটেরিয়ার জগতে যেন নতুন অর্থ পেয়েছে। আমরা যখন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তখন কিছু প্রতিরোধী ব্যাকটেরিয়া টিকে থাকার বাড়তি সুযোগ পায়। মানুষের জন্য বিপজ্জনক এই পরিস্থিতি নিয়ে হাসিঠাট্টার অবকাশ নেই। তবু কঠিন কথাটি একটু রম্যরসের আশ্রয়ে বলা যাক।

ব্যাকটেরিয়ার বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টার

কল্পনা করুন, ব্যাকটেরিয়ারা একটি বিশ্ববিদ্যালয় খুলেছে। ফটকে বড় করে লেখা, ‘প্রতিরোধবিদ্যায় উচ্চশিক্ষা—ভর্তি চলছে!’ ভাইস চ্যান্সেলর (ভিসি) একজন অভিজ্ঞ অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া। প্রথম ক্লাসেই তিনি প্রশ্ন করলেন, ‘তোমাদের সবচেয়ে বড় সহায়তাকারী কারা?’ ছাত্রদের সমস্বরে উত্তর, ‘যাঁরা প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন!’ ভিসি মুচকি হেসে বললেন, ‘বাহ! তোমাদের ভবিষ্যৎ তো বেশ উজ্জ্বল!’

বাস্তবে ব্যাকটেরিয়া বই পড়ে না, পরীক্ষা দেয় না, ডিগ্রিও অর্জন করে না। তবে অ্যান্টিবায়োটিকের প্রভাবে সংবেদনশীল ব্যাকটেরিয়া কমে গেলে আগে থেকেই প্রতিরোধী ব্যাকটেরিয়া তুলনামূলকভাবে বেশি টিকে থাকতে ও বংশবিস্তার করতে পারে। এটি প্রাকৃতিক নির্বাচনের একটি উদাহরণ। আবার জিনগত মিউটেশন কিংবা এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় প্রতিরোধ-সম্পর্কিত জিন স্থানান্তরের মাধ্যমেও প্রতিরোধক্ষমতা তৈরি বা অর্জিত হতে পারে। কল্পিত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি হিসেবে বিষয়গুলো মজার শোনালেও বাস্তবে এগুলো সংক্রমণের চিকিৎসা কঠিন করে তুলতে পারে।

প্রেসক্রিপশনের বিচার

এবার কল্পনার আদালত। কাঠগড়ায় দাঁড়িয়ে একটি ব্যবস্থাপত্র। অভিযোগ—ভাইরাসজনিত সাধারণ সর্দির জন্য অকারণে অ্যান্টিবায়োটিক লেখা হয়েছে। বিচারক প্রশ্ন করলেন, ‘কেন লিখেছেন?’ ব্যবস্থাপত্রের উত্তর, ‘রোগী খুব জোর করছিলেন।’ বিচারক বললেন, ‘রোগী যদি বলেন ছাতা দিয়ে জ্বর সারাতে হবে, সেটাও কি লিখবেন?’ আদালতে হাসির রোল উঠল। কিন্তু প্রশ্নটি মোটেও তুচ্ছ নয়।

ভাইরাসজনিত সাধারণ সর্দি-কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তবে পাশাপাশি চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থাকলে চিকিৎসকের মূল্যায়নে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। আবার সব ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও একই অ্যান্টিবায়োটিক উপযুক্ত নয়। ওষুধ আদৌ প্রয়োজন কি না, প্রয়োজন হলে কোনটি, কী মাত্রায় এবং কত দিন ব্যবহার করতে হবে—এসব নির্ভর করে রোগের ধরন, রোগীর অবস্থা ও চিকিৎসাগত মূল্যায়নের ওপর। গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে প্রয়োজনীয় চিকিৎসা বিলম্ব করা যেমন বিপজ্জনক, তেমনি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারও ক্ষতিকর। দায়িত্বশীল চিকিৎসা মানে শুধু ওষুধ কম দেওয়া নয়; প্রয়োজনমতো সঠিক চিকিৎসা দেওয়া।

গবেষকের সঙ্গে বিনিয়োগকারীর আলাপ

এক গবেষক নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীর কাছে গেলেন। বিনিয়োগকারী জানতে চাইলেন, ‘বাজারে এলে সবাই কিনবে তো?’ গবেষক বললেন, ‘যাঁদের প্রয়োজন, তাঁরাই ব্যবহার করবেন—অকারণে নয়।’ বিনিয়োগকারী বিস্মিত হয়ে বললেন, ‘এ কেমন ব্যবসা! এত খরচে ওষুধ তৈরি করে শেষে বলবেন, সবাই কিনবেন না?’ গবেষক শান্ত গলায় বললেন, ‘এখানে লক্ষ্য শুধু বিক্রি নয়; ভবিষ্যতের রোগীদের জন্যও ওষুধটির কার্যকারিতা ধরে রাখা।’

নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবন দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। গবেষণা, নিরাপত্তা পরীক্ষা ও কার্যকারিতা যাচাইয়ের বহু ধাপ পেরোতে হয়। অথচ ব্যাকটেরিয়ার বিবর্তন থেমে থাকে না। ব্যাকটেরিয়ার সেই কল্পিত ভিসি এবার গবেষককে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের অনুমোদন লাগে, আমাদের লাগে টিকে থাকার সুযোগ!’ কথাটি নিছক রসিকতা হলেও মনে করিয়ে দেয়, নতুন ওষুধের সন্ধানের পাশাপাশি প্রচলিত অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারও জরুরি।

ভর্তি কমুক জীবাণুর বিশ্ববিদ্যালয়ে

এই কল্পিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংকট তৈরি করার উপায় আমাদের হাতেই আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার, হাতের পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় টিকাদান, নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবাকেন্দ্রে সংক্রমণ প্রতিরোধ—সবই গুরুত্বপূর্ণ। হাসপাতাল, ওষুধের দোকান, পরিবার ও সমাজ—সবারই ভূমিকা রয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটেও বিষয়টি গুরুত্বপূর্ণ। কখনো দ্রুত সুস্থ হওয়ার আশায় কেউ নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করেন। কেউ আবার পুরোনো ব্যবস্থাপত্র দেখে নতুন অসুখেও একই ওষুধ খান। অথচ এক রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা অন্য রোগীর জন্য অনুপযুক্ত হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু বা পরিবর্তন করা উচিত নয়। অ্যান্টিবায়োটিক ব্যবহারে চিকিৎসকের নির্ধারিত মাত্রা, সেবনের ব্যবধান ও চিকিৎসার মেয়াদ মেনে চলতে হবে; প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা পুনর্মূল্যায়ন করতে হবে।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সমস্যা শুধু মানুষের চিকিৎসায় সীমাবদ্ধ নয়, প্রাণী ও পরিবেশের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসঙ্গে বিবেচনা করেই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজন সচেতন নাগরিক, দায়িত্বশীল চিকিৎসা, সংক্রমণ প্রতিরোধের অভ্যাস এবং সমন্বিত উদ্যোগ।

একদিন হয়তো ব্যাকটেরিয়ার সেই কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষণ্ন মুখে নোটিশ টাঙাবেন: “ভর্তি আপাতত বন্ধ। মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হয়ে উঠেছে!” আমরা চাই, ব্যাকটেরিয়ার এই কাল্পনিক দুঃসংবাদই একদিন জনস্বাস্থ্যের সুসংবাদ হয়ে উঠুক।টিআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত