বিশ্ব স্ট্রোক দিবস: ময়মনসিংহ মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ রোববার (২৯ অক্টোবর) সকালে একটি র্যালি এবং পরে সেমিনারের আয়োজন করা হয়।
এই র্যালিতে অংশ নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস। এ সময় নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্যসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরাও র্যালিতে অংশ নেন। র্যালিটি ময়মনসিংহ মেডিকেল কলেজ ভবন থেকে শুরু হয়ে বহির্বিভাগ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এর পর নিউরোলজি বিশেষায়িত বহির্বিভাগে বিশ্ব স্ট্রোক দিবসে জনসচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।
সেমিনারে বক্তারা বলেন, সাধারণ মানুষ অনেকে স্ট্রোককে হৃদরোগ বলে মনে করেন, যা সঠিক নয়। স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতার উপর তারা গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকের আধুনিক চিকিৎসার সুবিধা সম্বলিত ১৮ শয্যা বিশিষ্ট 'স্ট্রোক ইউনিট' চালু হয়েছে, যা স্ট্রোকের চিকিৎসাক্ষেত্রে বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
টিআই/এএনএম