ছাত্র-জনতার আত্মহুতিতে ২৪ এর নতুন বাংলাদেশে সমাজ কল্যাণ উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: ২৪ এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, দেশকে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালনের বিষয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অংশগ্রহণে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এই ২৪ এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে আজ নতুন রূপে পেয়েছি। এ দেশকে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালনে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাজসেবা অধিদপ্তরের এক জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ ২১ হাজার ৬০৬ জন। এর মধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও দুই হাজার ৯০৮ জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধিতার ধরন বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪০৮ জন। শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা এক লাখ ৩২ হাজার ৭৩০ জন, দৃষ্টি প্রতিবন্ধিতা চার লাখ ৭২ হাজার ৫০৫ জন, বাকপতিবন্ধিতা দুই লাখ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা দুই লাখ ২৯ হাজার আট জন, শ্রবণ প্রতিবন্ধিতা এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা ১৫ হাজার ৬৩ জন, সেরিব্রাল পালসি এক লাখ ৩১ হাজার ১৩৯ জন, বহুমাত্রিক প্রতিবন্ধিতা দুই লাখ ৪৫ হাজার ৯২৭ জন, ডাউন সিনড্রোম সাত হাজার ১০৩ জন ও অন্যান্য প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ২০ হাজার ১৮৭ জনকে সেবা প্রদান করা হচ্ছে।
টিআই/এমইউ