অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যান, রেডিওথেরাপি ফ্যাকাল্টি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স
১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ পিএম
পার্বত্য চট্টগ্রামে বিশেষায়িত ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠা সময়ের দাবি
বাংলাদেশে ক্যান্সার একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। আধুনিক ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হলেও দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের জনগণ এখনো সমানভাবে এর সুফল পাচ্ছেন না। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মানুষের জন্য সময়মতো ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা গ্রহণ অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য, ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।
পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাগত ও সাংস্কৃতিক বাস্তবতা বিবেচনায় এ অঞ্চলের জন্য একটি বিশেষায়িত আঞ্চলিক ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এক্ষেত্রে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে একটি আধুনিক ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করা যেতে পারে। আমার বিবেচনায়, পার্বত্য তিন জেলার জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা যুক্তিসংগত হবে। পাশাপাশি কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানে সহযোগী ক্যান্সার সেবা ইউনিট গড়ে তোলা যেতে পারে।
প্রস্তাবিত কেন্দ্রে প্রাথমিকভাবে ক্যান্সার সচেতনতা, স্ক্রিনিং, রোগ নির্ণয়, কেমোথেরাপি, প্যালিয়েটিভ কেয়ার এবং টেলি-অনকোলজি সেবা চালু করা সম্ভব। পরবর্তী সময়ে প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও অর্থায়ন নিশ্চিত করে আধুনিক রেডিওথেরাপিসহ পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করা যেতে পারে।
এই উদ্যোগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একাডেমিক ও কারিগরি সহযোগিতা দিতে পারে। এর মাধ্যমে বিশেষজ্ঞ প্রশিক্ষণ, মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা, গবেষণা এবং একটি কার্যকর আঞ্চলিক ক্যান্সার রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশন ২০২৬-এর মূল্যায়ন ও ভবিষ্যৎ সুপারিশের আলোকে প্রস্তাবটি জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং সরকারের কার্যকর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।