৩০ নভেম্বর, ২০২৪ ০৩:৪৯ পিএম

বিএসএমএমইউর প্রক্টরের দায়িত্বে ডা. শেখ ফরহাদ

বিএসএমএমইউর প্রক্টরের দায়িত্বে ডা. শেখ ফরহাদ
অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) এ সংস্ক্রান্ত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়। গত ২০ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এই অফিস আদেশে সই করেছেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ডা. শেখ ফরহাদকে প্রক্টরের দায়িত্ব দিয়ে অফিস আদেশ শনিবার প্রকাশ করা হলেও ২০ আগস্ট থেকেই প্রক্টরের দায়িত্ব পান তিনি। ওই দিনের এক স্মারক মোতাবেক তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার প্রকাশিত অফিস আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ২০ আগস্টের স্মারক মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাবরক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১ (২) ও ৪১ (৩) অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা স্বাপেক্ষে তাকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরেরর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ ২০ আগস্ট থেকে কার্যকর হবে।’

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নতুন প্রক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ২০০০ সালে এমবিবিএস পাশ করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর স্পোর্টস মেডিকেল কমিটির চেয়ারম্যান।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগম দম্পতির সন্তান ডা. শেখ ফরহাদ ১৯৭২ সালের  ৭ মে জন্মগ্রহণ করেন। সহধর্মিনী অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত