হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৫
মেডিভয়েস রিপোর্ট: হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন। আজ শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে , শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন দুজন। তাদের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩১ জন।
নতুন শনাক্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, সিলেটে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন এবং রংপুরে দুজন রয়েছেন।
অন্যদিকে, সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭ জন, চট্টগ্রামে ১৪৫ জন, সিলেটে ১০১ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৮ জন এবং রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।
দেশজুড়ে হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবার কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।টিআই/