১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, এ লক্ষ্যে জেলায় প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. এম এ মুহিত আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করেন। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
এমআর/