২১ নভেম্বর, ২০২৬ ০৩:৪৬ পিএম

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ সাত হাজার ৬৭৭ জন। এর মধ্যে ৯৪ হাজার ২৯৮ জন নারী এবং ১৩ হাজার ৩৭৯ জন পুরুষ। অর্থাৎ শতবর্ষীদের প্রায় ৮৮ শতাংশই নারী।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, উন্নত জীবনযাত্রা, পুষ্টিকর খাবার, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি দেশটিতে মানুষের গড় আয়ু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো। তিনি কিয়োটো শহরের বাসিন্দা। গত আগস্টে ১১৫ বছর বয়সী আগের সবচেয়ে বয়স্ক নাগরিকের মৃত্যুর পর তিনি দেশটির প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

বিশেষজ্ঞদের মতে, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে তাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রারও ভূমিকা রয়েছে। দেশটির প্রচলিত খাদ্যতালিকায় মাছ, শাকসবজি ও ভাতের প্রাধান্য রয়েছে। পাশাপাশি প্রবীণদের একটি বড় অংশ নিয়মিত হাঁটাচলা, সাইকেল চালানো এবং গণপরিবহণ ব্যবহারের মাধ্যমে শারীরিকভাবে সক্রিয় থাকেন।

তবে শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নতুন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে জাপান। একদিকে মানুষের আয়ু বাড়ছে, অন্যদিকে জন্মহার কমে যাওয়ায় তরুণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমেই সংকুচিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জাপানের মোট প্রজনন হার কমে ১ দশমিক ১৪ শতাং দাঁড়িয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। ফলে বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পেনশন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এই পরিস্থিতি মোকাবিলায় প্রবীণদের জীবনযাত্রা সহজ করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জাপান। চলাফেরায় সহায়তাকারী বিশেষ যন্ত্র, স্বয়ংক্রিয়ভাবে দৃষ্টির ফোকাস ঠিক করতে সক্ষম চশমাসহ নানা উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করা হচ্ছে।

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধির ধারাটি অবশ্য কয়েক দশক ধরেই অব্যাহত। ১৯৬৩ সালে দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। ১৯৮১ সালে তা ১ হাজার ছাড়ায়। ১৯৯৮ সালে পৌঁছায় ১০ হাজারে। ২০১২ সালে এই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করে। আর এবার প্রথমবারের মতো তা এক লাখের সীমা ছাড়িয়ে গেল।

প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাপানে পালিত হয় ‘বয়স্কদের প্রতি শ্রদ্ধা দিবস’। এ উপলক্ষে ১০০ বছর পূর্ণ করা নাগরিকদের শুভেচ্ছাপত্র ও স্মারক উপহার দিয়ে সম্মান জানায় সরকার। এ বছর এমন সম্মান পাওয়ার তালিকায় রয়েছেন ৫৪ হাজার ২৯৪ জন।

সব মিলিয়ে জাপানে মানুষের দীর্ঘায়ু দেশটির জন্য যেমন গর্বের বিষয় হয়ে উঠেছে, তেমনি বাড়তি প্রবীণ জনগোষ্ঠীর জন্য টেকসই স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি হয়ে পড়েছে। দীর্ঘজীবনের এই অর্জন ধরে রাখার পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য রক্ষা করাই এখন জাপানের অন্যতম বড় চ্যালেঞ্জ।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও