ফতুল্লায় বয়লার বিস্ফোরণ
চলে গেলেন দগ্ধ পাশা, ৫২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রঞ্জিত
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মধ্যে পাশা নামে একজনের মৃত্যু হয়েছে। শরীরের ৮৭ শতাংশ দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় দুজনকেই গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রমতে, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
হাসপাতাল সূত্র গণমাধ্যমকে জানায়, বিস্ফোরণে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে যায়। দুজনের অবস্থাই গুরুতর ছিল। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাশা।
এদিকে ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ কারখানায় গিয়ে মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বয়লার বিস্ফোরণের কারণ এবং কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানা যাবে।
এমআই/