ঢামেকে চিকিৎসকদের উপর হামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ১
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।
জানতে চাইতে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।’
রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
একই দিন দুপুর দুইটার দিকে হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢামেকের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন।
একই সঙ্গে কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষসহ চার দফা দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো—
১. অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২. চিকিৎসকদের সুরক্ষায় ঢাকা মেডিকেলসহ সকল উপজেলা, জেলা, বিভাগীয় সদর ও বিশেষায়িত হাসপাতালে ২৪ ঘণ্টা সেনা মোতায়েন নিশ্চিত করতে হবে। আর তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে।
৩. ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে। এজন্য প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সংশ্লিষ্টসহ আইন প্রণেতাদের সাত দিন সময় বেধে দেওয়া হবে এবং
৪. কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে।
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রোববার (১ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকেরা।
চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার রাতে মোটরসাইকেলে গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলামের (২৫) চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে শনিবার চিকিৎসকদের মারধর করা হয়। মারধরের ঘটনায় শনিবার বিকেল থেকে গতকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে মিরপুরে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শনিবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিন সকালে তিনি মারা যান।
এর কয়েক ঘণ্টা পর রাতে একই হাসপাতালে সন্ত্রাসীরা ঢুকে একজন রোগীকে অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সন্ত্রাসীরা চিকিৎসকদেরও মারধর করে।
এসএইচ/এমইউ
-
১১ অগাস্ট, ২০২৫
-
১৬ জুলাই, ২০২৫
-
১৪ মার্চ, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২৮ ডিসেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪