শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে ব্যাপকভাবে জনরোষের মুখে পড়েছিল পুলিশ বাহিনী। সেজন্য বড় মাশুল দিতে হয়েছে অনেক সৎ পুলিশ সদস্যদেরও।
তিনি আরও বলেন, দেশের মানুষ নারীর প্রতি সহিংসহতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। সকল প্রকার শ্রেণী পেশার নারীরা যেকোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায়, সেটা নিশ্চিত করবেন।
মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করতে হবে। এ কাজটা পুলিশদের করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী দিনেই এবার সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম ও পিপিএম পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা।
টিআই/