এনডিএফের নতুন কমিটি: সভাপতি-সেক্রেটারি পদে পুনর্নির্বাচিত ডা. নজরুল ও ডা. মাহমুদ
মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা, অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। সম্মেলনে ১৩৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি পদে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিকিৎসক প্রতিনিধি ও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে চিকিৎসক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন। পরে সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের অনুরোধে তিনি ন্যাশনাল ডক্টরস ফোরামের ১৩৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে ন্যাশনাল ডক্টরস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে উপস্থিত চিকিৎসক ও প্রতিনিধিরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানবিক ও নৈতিক চিকিৎসাব্যবস্থা প্রতিষ্ঠায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সম্মেলনে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এমআর/