সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ-ডিবি।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
জানা গেছে, গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা-১৯ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডা. এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকার। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
এছাড়া, গত আগস্টে কোটা সংস্কার আন্দোলনে সাজ্জাদ হোসেন নামে এক ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের ৩২১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
এসএইচ
-
২৭ জানুয়ারী, ২০২৫