বিএসএমএমইউ: নার্সিংয়ে ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জুলাই, ২০২৪ সেশনের বিএসসি ইন নার্সিং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।’
এর আগে গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) এবং ভর্তি পরীক্ষা পরিচালনা ও তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় মোট ১৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সাধারণ ১৫৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৭ জন। এর মধ্যে ১৫৫ জন মেয়ে ও ১৯ জন ছেলে রয়েছেন।
ফলাফল প্রকাশের সময় বলা হয়, ‘মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, এনআইডি কার্ড এবং প্রযোজ্যদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার সার্টিফিকেট নিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বিএসসি ইন নার্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ। ওই বিজ্ঞপ্তিতে ১১ মে পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল। পরে এক দফা সময় বাড়িয়ে আবেদনের নতুন সময়সীমা ধার্য করা হয় ১৫ মে। ওই সময়ে জানানো হয়, ২৫ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫