বিভ্রান্তিমূলক পোস্ট-কমেন্ট করলে প্রশিক্ষণার্থীর বিরুদ্ধে ব্যবস্থা: বিসিপিএস
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সকে (বিসিপিএস) কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে ‘বিভ্রান্তিমূলক মন্তব্য, পোস্ট অথবা কমেন্ট’ করলে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। বিসিপিএস সেক্রেটারি অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
ফেলোশিপ প্রোগ্রামের আওতায় দ্বিতীয়পর্বে অধ্যয়নরত এফসিপিএস অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের জন্য আবেদনপত্র আহ্বান করে বৃহস্পতিবার (২৩ মে) বিসিপিএসের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
এতে উল্লেখ করা হয়, ‘বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি থেকে জুন পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসাবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএসের ওয়েবসাইট থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগে আগামী ৫ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘যে সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও কোনো প্রকার চাকরি, ডিউটি বা প্র্যাকটিস করেন অথবা অন্য কোনো উৎস হতে বেতন-ভাতা গ্রহণ করেন তাঁদের বেলায় পারিতোষিকের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।’
প্রশিক্ষণার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা
ওই বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণার্থীদের ১০ দফা নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স। এফসিপিএস ১ম পর্ব পাস করা বেসরকারি/অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক প্রদান সংক্রান্ত নির্দেশনায় রয়েছে—
‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন ২০১৮ (২০১৮ সনের ২নং আইন) এর ধারা ১৮ তে প্রদত্ত ক্ষমতাবলে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “পারিতোষিক ভাতা প্রদান” নীতিমালা স্মারক নং-৫৯.০০.০০০০.১৪৫.০২০.১৭৪.২০২২/৯২৮, ১৩ মার্চ ২০২৪-এর আলোকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস) কাউন্সিল এফসিপিএস ১ম পর্ব পাস করা বেসরকারি/অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক প্রদান সংক্রান্ত নিম্নোক্ত নির্দেশনা প্রদান করিল’
১. বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি, সংবিধিবদ্ধ, ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত অলাভজনক এবং বিশেষায়িত হাসপাতাল মেডিকেল প্রতিষ্ঠানসমূহের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণরত এফসিপিএস ১ম পর্ব পাস করা বেসরকারি/অবৈতনিক প্রশিক্ষণার্থীদেরকে পারিতোষিক ভাতা প্রদান করা হইবে। উল্লেখ্য যে, বিসিপিএস কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর বিভাগসমূহে সর্বোচ্চ প্রশিক্ষণকাল অনুযায়ী ভাতা প্রদান করা হইবে। প্রশিক্ষণার্থীগণ উক্ত প্রতিষ্ঠানসমূহ হইতে কোন প্রকার বেতন/ভাতাদি গ্রহণ করিতে পারিবেন না।
২. ১লা এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ হইতে মাসিক ২০,০০০/- টাকার পরিবর্তে ২৫,০০০/- টাকা হারে প্রশিক্ষণার্থীদেরকে পারিতোষিক প্রদান করা হইবে। তবে সময়ে সময়ে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক এ ভাতার হার পুন:নির্ধারণ করা হইবে।
৩. এ প্রশিক্ষণ চলাকালীন পারিতোষিক গ্রহণকারীগণ অন্য কোথাও কোন প্রকার চাকুরী/ডিউটি/প্র্যাকটিস করতে পারিবেন না অথবা অন্য কোন উৎস হতে বেতন/ভাতা উত্তোলন করিতে পারিবেন না। যদি কখনও তা প্রমাণ হয়, তাহলে সমূদয় টাকা ফেরৎসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
৪. সরকার হইতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে ফেলোশীপ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণার্থীদেরকে ৩-৫ বৎসর/পুরো প্রশিক্ষণকাল এ পারিতোষিক প্রদান করা হইবে। প্রশিক্ষণের কোন মেয়াদ ০৬ মাসের কম হইবে না।
৫. প্রতি ৬ মাসের প্রশিক্ষণ মেয়াদ যথাযথভাবে গ্রহণ করার নিশ্চয়তা ও প্রমাণপত্র স্থানীয় মনিটরিং কমিটি/প্রশিক্ষক/হাসপাতাল পরিচালক/সুপারিন্টেনডেন্ট/সিভিল সার্জন-এর কাছ থেকে গ্রহণ করিতে হইবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপ্তি সনদ ও প্রত্যয়নপত্র জমাদান সাপেক্ষে এ পারিতোষিক প্রদান করা হইবে। উল্লেখ্য যে, ভাতা হস্তান্তরের প্রক্রিয়াগত প্রয়োজনীয় সময় বিবেচনা করিতে হইবে।
৬. বিসিপিএস কর্তৃক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে Road map অনুযায়ী বেসরকারি প্রশিক্ষণার্থীদেরকে পদায়ন করা হইবে। Road mapটি নিম্বরূপ: District Hospital > Tertiary Care Hospital/Institute এবং vice versa.
৭. প্রতিজন প্রশিক্ষকের অধীনে নির্ধারিত সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীর অতিরিক্ত কাউকে ভাতা প্রদান করা হইবে না।
৮. কলেজ আইনের ধারা ১৪ এর ৬ মোতাবেক বিসিপিএস-এর আর্থিক নীতিমালা অনুযায়ী প্রতি ৬ মাস অন্তর অন্তর প্রশিক্ষণার্থীর ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে পারিতোষিক প্রদান করা হইবে।
৯. জানুয়ারি ২০২০ সেশন এবং তৎপরবর্তী এফসিপিএস ১ম পর্ব পাস করা প্রশিক্ষণরত বেসরকারি/অবৈতনিক প্রশিক্ষণার্থীদেরকে পারিতোষিক এর জন্য গণ্য করা হইবে।
১০. যে সকল প্রশিক্ষণার্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিপিএসকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক মন্তব্য, পোস্ট অথবা কমেন্ট প্রদান করবেন, তাঁদের বিরুদ্ধে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এতদসংক্রান্ত অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এএনএম/
-
২৯ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’