২৪ মে, ২০২৪ ০২:৪৮ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

চন্ডিছড়ার চা শ্রমিকদের জন্য সাপ্তাহিক মেডিকেল টিম গঠনের নির্দেশ

চন্ডিছড়ার চা শ্রমিকদের জন্য সাপ্তাহিক মেডিকেল টিম গঠনের নির্দেশ
চন্ডিছড়া চা বাগানে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভায় অংশ নিয়ে এই নির্দেশনা দেন তিনি। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: সাপ্তাহিক মেডিকেল টিমের মাধ্যমে হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৩ মে) চুনারুঘাট উপজেলায় অবস্থিত চা বাগানটিতে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভায় অংশ নিয়ে এই নির্দেশনা দেন তিনি।

জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এই অবহিতকরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চা শ্রমিকদের স্বাস্থ্যসেবার নানা সমস্যার কথা শোনেন ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাপ্তাহিক মেডিকেল টিমের মাধ্যমে চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় ওষুধ ও জরুরী প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও করেন তিনি।

সভায় উপস্থিত চা শ্রমিকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রথম স্বাস্থ্য অধিদপ্তরের কোনো মহাপরিচালক তাদের স্বাস্থ্যসেবার কথা জানতে সরাসরি তাদের কাছে এসেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফাতেমা রহমান। এ ছাড়া  সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. মনিসুর চৌধুরী, মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) ডা. সাইফুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) ডা. নন্দলাল সুত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

একইদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইউএইচএফপিও, আরএমও, মেডিকেল অফিসার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন তিনি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত