০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩০ পিএম

এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের তথ্য হালনাগাদে বিসিপিএসের জরুরি নির্দেশনা

এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের তথ্য হালনাগাদে বিসিপিএসের জরুরি নির্দেশনা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণসংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। বিসিপিএসের স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে ১ জুলাই থেকে প্রশিক্ষণে থাকা যেসব প্রশিক্ষণার্থী নির্ধারিত সময়ে তাঁদের প্রশিক্ষণসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে পারেনি, তাঁদের তথ্য যাচাই করে কোনো ভুল বা তথ্যের ঘাটতি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আবেদন গ্রহণযোগ্য হলে নির্ধারিত সময়ে অনলাইনে তথ্য দেওয়ার সুযোগ পাবেন সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা। অনলাইনে তথ্য হালনাগাদের সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময় প্রশিক্ষণার্থীদের নির্ধারিত লিংকে তথ্য দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এর মধ্যে নতুন করে যোগদান করলে যোগদানপত্র ও অফিস আদেশ, প্রতিষ্ঠান পরিবর্তন করলে ছাড়পত্র এবং বিরতি নিলে বিরতির আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ হয়ে এখনো প্রশিক্ষণে যোগ না দেওয়া এবং ন্যূনতম ছয় মাস প্রশিক্ষণ শেষে জুলাই থেকে বিরতিতে থাকা প্রশিক্ষণার্থীরাও এ হালনাগাদ কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন। তবে আগে নির্ধারিত সময়ে তথ্য হালনাগাদ করা প্রশিক্ষণার্থীদের নতুন করে আবেদন বা তথ্য দেওয়ার প্রয়োজন নেই। আবেদন ছাড়া মূল ডাটাবেজে তথ্য সংশোধন বা কাগজপত্র আপলোডের সুযোগ থাকবে না। বেসরকারি প্রশিক্ষণার্থীরা সময়মতো তথ্য হালনাগাদে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী পারিতোষিক ভাতা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।

অন্যদিকে, বিসিপিএসের অটোমেশন সিস্টেমের মাধ্যমে পদায়ন পাওয়া প্রশিক্ষণার্থীদের এ লিংকে তথ্য দেওয়ার প্রয়োজন নেই। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত