২২ নভেম্বর, ২০২৬ ০৩:২৬ পিএম

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটিতে অবশ্যই সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছে আদালত আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

টেলিযোগাযোগ, শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিব ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে দ্রুত এ কমিটি গঠনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের এ রিট করেছিলেন। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি।

শুনানি শেষে গণমাধ্যমকে আইনজীবী বলেন, 'কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।'

আইসিডিডিআর,বির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই আইনজীবী বলেন, ঢাকায় প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনের বেশি অর্থাৎ, ৮৩ শতাংশ শিশু দিনে ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি।

গবেষণায় দেখা যায়, ডিজিটাল ডিভাইসে বেশি সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথা অনুভব করে।

এছাড়া যে শিশুরা দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে থাকে, তাদের ঘুমও উল্লেখযোগ্য হারে কম হয়। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক তিন ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এই বয়সী শিশুদের প্রতিদিন ৮-১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক