২৪ মে, ২০২৪ ১০:২৭ এএম

‘বিসিপিএসের নতুন নিয়ম প্রশিক্ষণার্থীদের বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা’

‘বিসিপিএসের নতুন নিয়ম প্রশিক্ষণার্থীদের বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা’
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ফেলোশিপ প্রোগ্রামের আওতায় এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের জন্য আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। গত ২০ মে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এদিকে এই বিজ্ঞপ্তিতে জুড়ে দেওয়া একটি বিধি-নিষেধকে বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিপিটিডিএ)। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

এই বিজ্ঞপ্তিতে পিপিটিডিএ লিখেছে, ‘বিসিপিএস কর্তৃক দেওয়া নোটিশে ট্রেইনিদের পারিতোষিক এবং বিভ্রান্তিমূলক নির্দেশনার প্রতি দেশের সকল ট্রেইনি ডাক্তারের পক্ষ থেকে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বারবার পারিতোষিক নিয়ে এমন প্রহসন এবং নতুন নতুন নিয়মে বেঁধে ট্রেইনিদের উপর জুলুম চালানোর যে নীল নকশা আঁকা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এতে আরো উল্লেখ করা হয়, ‘নোটিশের ১০ নম্বর পয়েন্ট স্বাধীন দেশে বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাখ্যান না করলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।’

এ ছাড়া কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই প্রহসনের পারিতোষিক বিল সাবমিট না করার জন্য সকল ট্রেইনি ডাক্তারকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ২০ মে বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পারিতোষিকের জন্য আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় বৃহস্পতিবার (২৩ মে)। এতে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আগামী ৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি থেকে জুন পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসাবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএসের ওয়েবসাইট থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগে আগামী ৫ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এতে আরো বলা হয়, ‘যে সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণস্থলের বাইরে অন্য কোথাও কোনো প্রকার চাকরি, ডিউটি বা প্র্যাকটিস করেন অথবা অন্য কোনো উৎস হতে বেতন-ভাতা গ্রহণ করেন তাঁদের বেলায় পারিতোষিকের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।’

ওই বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণার্থীদের ১০ দফা নির্দেশনাও দেওয়া হয়। এর মধ্যে ১০ম দফায় উল্লেখ করা হয়েছে, ‘যে সকল প্রশিক্ষণার্থী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিপিএসকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক মন্তব্য, পোস্ট অথবা কমেন্ট প্রদান করবেন, তাঁদের বিরুদ্ধে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে অবৈতনিক প্রশিক্ষণার্থীরা মাসিক ২০ হাজার টাকা হারে পারিতোষিক পেতেন। তবে গত এপ্রিল থেকে এটি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

►বিসিপিএসের বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত