২২ মে, ২০২৪ ০৫:০২ পিএম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল সভা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল সভা
গতকাল মঙ্গলবার কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) ঢাকা সেনানিবাসে কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

কাউন্সিল সভায় আলোচকরা বলেন, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সবসময় উন্নত, যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে এ কলেজের পাশের হার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র আবাসিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।

জানা গেছে, এ সময় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৮ সালের ৫ জুন বিইউপির অধিভুক্ত হয়।

বর্তমানে এই কলেজে ৬ শিক্ষাবর্ষে মোট ৭৬৩ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২০টি ব্যাচে বিদেশি ক্যাডেটসহ মোট এক হাজার ৬৭৮ জন চিকিৎসক হয়েছেন। যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে-বিদেশে কর্মরত।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত