১৭ জানুয়ারী, ২০২৫ ১০:২২ এএম

এমবিবিএস: প্রতি আসনের বিপরীতে ২৫ পরীক্ষার্থী

এমবিবিএস: প্রতি আসনের বিপরীতে ২৫ পরীক্ষার্থী
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট তথ্য মতে, সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন পাঁচ হাজার ৩৮০টি। এই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৫ (২৫ দশমিক ১৪) জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে এক লাখ চার হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে এ বছর আসনপ্রতি প্রতিদ্বন্দ্বী বেড়েছে ছয়জন।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

তথ্য অনুযায়ী, প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

সকলের জন্যে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

জানা গেছে, দেশে মেডিকেল কলেজ ১১০টি। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ।

অটোমেশন পদ্ধতি চালু থাকায় সরকারি মেডিকেলের পাশাপাশি বেসরকারিতেও মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হতে হয়। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

বরাবরের মতো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশিত হয়েছিল।

নীতিমালা অনুযায়ী, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত