আর্মড ফোর্সেস মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৮ এপ্রিল) আর্মড মেডিকেলের কমান্ড্যান্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে এএমসি ক্যাডেটে ৮০ জন ও এফএমসি ক্যাডেটে ১০৭ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।
এতে বলা হয়, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিমোক্ত প্রার্থীদের রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচন প্রার্থীদের পার্শ্বে উল্লেখিত তারিখ অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এএফএমসি, ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
এছাড়া প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (এএমসি ক্যাডেট) এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার (এএফএমসি ক্যাডেট) জন্য প্রত্যেককে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ, নম্বরপত্র, নাগরিকত্বের সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত হতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ৮ এপ্রিল সকাল ১০টায় এএফএমসি ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।