০৫ অক্টোবর, ২০২৩ ০৫:০৭ পিএম

বিশ্বমানের চিকিৎসক হিসেবে তৈরি হতে হবে: বিএসএমএমইউ ভিসি

বিশ্বমানের চিকিৎসক হিসেবে তৈরি হতে হবে: বিএসএমএমইউ ভিসি
শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন ডেন্টাল কলেজে অধ্যয়নরত ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ওরাল হেলথ ফাউন্ডেশন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘নিজেকে বিশ্বমানের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করতে হবে, যাতে করে দেশে বিদেশে রোগীদেরকে সেবা প্রদান করা যায়।

তিনি বলেন, দেশে চিকিৎসা পেশায় শিক্ষকদের কিছুটা সংকট রয়েছে। আমরা তা নিরসনে কাজ করছি। এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে এ সমস্যার সমাধান সম্ভব।’

বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকের মা-বাবা তার সন্তানদের জন্য এক নম্বর শিক্ষক। এজন্য সন্তানদেরকে তাদের মা-বাবার প্রতি অবশ্যই যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। আমি মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির সবচাইতে বড় শিক্ষক। তিনি যেমন একজন বিশ্ব নেতা ছিলেন, তেমনই একজন শ্রেষ্ঠ শিক্ষকও ছিলেন। জাতির পিতা বাঙালি জাতিকে সঠিক শিক্ষা দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘যারা বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি ও বিএসএমএমইউর ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওরাল হেলথ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও দন্তরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন। 

উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশরাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। আরও উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অর্থোডনটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দিন, কুমুদিনী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক ডা. জালাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আশীষ কুমার বনিক।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ডেন্টালবান্ধব। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দন্ত অনুষদের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি ডেন্টাল অনুষদের ৫টি বিভাগে বেসিক কোর্স চালু করেছেন। ডেন্টাল অনুষদকে ক্ষুদ্র পরিসর থেকে বহির্বিভাগ ভবন-১ এর বৃহত্তর পরিসরে স্থানান্তর করেছেন। ডেন্টাল অনুষদে বিভাগসমূহের শিক্ষক সংকট দূর করার জন্য উল্লেখযোগ্য পদ একাডেমিক কাউন্সিলে অনুমোদন দিয়েছেন।’

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষা জীবনই শ্রেষ্ঠ সময়। এই সময়কে যথাযথ কাজে লাগাতে পারলে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করা সম্ভব। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত